ই-মেইলে নতুন বইয়ের ভুলত্রুটি জানানোর আহ্বান এনসিটিবির
বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই বই লেখা ও ছাপায় কোনো ভুলত্রুটি থাকলে, তা ই-মেইলে জানানোর অনুরোধ জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন বইয়ে ভুলত্রুটির সংশোধনী পাঠাতে হবে [email protected] এই ই-মেইলে।
পাশাপাশি কেউ চাইলে সশরীরও এনসিটিবি কার্যালয়ে গিয়ে বইয়ের সংশোধনী দিতে পারবেন। সোমবার (১ জানুয়ারি) রাতে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব উদ্যাপন করা হয়েছে। প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা নতুন পাঠ্যপুস্তক হাতে পেয়েছ। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ২০১২ সালের শিক্ষাক্রম অনুসারে পাঠ্যপুস্তক পেয়েছে। সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ এসব পাঠ্যপুস্তকে কোনো ধরনের ভুলভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে কিংবা পাঠ্যপুস্তকের মানোন্নয়নে কোনো ধরনের পরামর্শ থাকলে নিচের ই-মেইল অথবা এনসিটিবি চেয়ারম্যানের কার্যালয়ের ঠিকানায় জানালে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ই-মেইলের পাশাপাশি ডাকেও চেয়ারম্যানের কার্যালয়ের ঠিকানা পাঠ্যপুস্তক ভবন, ৬৯-৭০, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ তে মতামত পাঠানো যাবে।







